জৈন্তায় ২৩ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:৫৬:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে পুলিশের অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় দুটি ডিআই পিকাপ জব্দ করা হয়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন-জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগেরখাল দলইপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে কয়েছ আহমদ (১৯), চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আমিন আহমদ (১৯), ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে আবু তাহের মাহিন (১৭) এবং চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে সাইদুল ইসলাম (১৯)।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় চেকপোষ্টে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটোসহ দুটি ডিআই পিকআপ জব্দ করে পুলিশ। জব্দকৃত টমেটো ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৪ হাজার টাকা। এঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা টমেটো পচনশীল কাঁচামাল হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হবে। চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





