সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, ৪০ ঝুঁকিপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৬:০১:৩৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকারের সীমান্ত পারাপার ও রাতারগুলে সভা করার ঘটনার পর সুনামগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্তে নজরদারি বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও চোরাচালান ঠেকাতে ৪০টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করেছে বিজিবি। এসব স্থানে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। ইতোমধ্যে গত দুই দিনে সাতটি স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থানগুলো হলো তাহিরপুরের চারাগাঁও, লালঘাট, লাকমা, বারেকের টিলা, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর।
বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, অতীতে যেসব পথ দিয়ে মানুষজন সীমান্তের এপার-ওপার যাতায়াত করেছেন, বিশেষ করে গাড়ি ও মোটরসাইকেল চলাচলের ইতিহাস রয়েছে, সেসব স্থানকে অগ্রাধিকার দিয়ে ক্যামেরা স্থাপনের জন্য নির্বাচন করা হয়েছে। স্থান নির্ধারণের আগে বিজিবির কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। পাশাপাশি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরামর্শ নেওয়া হয়েছে। রঞ্জিত কাণ্ডের পর সীমান্তে অভিযানও জোরদার করেছে বিজিবি। এরই মধ্যে দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে সাতজন মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাহিরপুর সীমান্তের এলসি পয়েন্ট চারাগাঁও, লালঘাট, লাকমা ও বারেকের টিলাসহ চিহ্নিত স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এসব ক্যামেরার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে ২৮ বিজিবির মনিটরিং কক্ষ থেকে। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়কের মোবাইল ফোনের সঙ্গেও ক্যামেরাগুলোর সংযোগ থাকবে। কেউ ক্যামেরা ভাঙা বা নষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বিদ্যুৎবিহীন এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে ক্যামেরা সচল রাখা হবে।
সীমান্ত এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, সীমান্তের ৪০টি পয়েন্টে শুধু সিসি ক্যামেরা স্থাপন করলেই হবে না। আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, সেসব এলাকাতেও নজরদারি বাড়াতে হবে। উল্লেখ্য, গত ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার সিলেট নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ একটি সভা করেন। সেখানে সরকারের সমালোচনা করে বক্তব্য দেন তিনি। পরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। পরদিন নিজের ফেসবুক আইডিতে সভার ভিডিও প্রকাশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার, মাদক ও অবৈধ অস্ত্রসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান চলছে। নজরদারি বাড়াতে ড্রোন, সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এসব ব্যবস্থার পরিধি আরও বাড়ানো হবে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় ২৮ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।




