ফের না চালানোর শর্তে ফিরছে ১,৫০০ ব্যাটারিচালিত রিকশা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৮:৫১:১০ অপরাহ্ন
এসএমপির মানবিক উদ্যোগ

স্টাফ রিপোর্টার : মানবিক দিক বিবেচনায় শর্তসাপেক্ষে সিলেট মহানগর এলাকায় অভিযানে আটক ব্যাটারিচালিত যানবাহন মালিক ও চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশের কাছে আটক থাকা প্রায় ১ হাজার ৫০০ ব্যাটারিচালিত রিকশাসহ ইজিবাইক, মিশুক ও টমটম নির্ধারিত শর্তে ছাড়িয়ে নিতে পারবেন মালিকরা।
রোববার (১৫ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটক যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে। তবে মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভার আয়োজন করে। সভায় তাঁদের অনুরোধ ও মানবিক দিক বিবেচনায় মহানগর এলাকায় আর কখনো এসব যানবাহন না চালানোর শর্তে গত ১ মে থেকে এ পর্যন্ত আটক যানবাহনগুলো অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে যানবাহন ছাড়িয়ে নিতে মালিক ও চালকদের এসএমপির ট্রাফিক বিভাগ কার্যালয়ে পাঁচ ধরনের কাগজপত্র জমা দিতে হবে। এরমধ্যে- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ফোন নম্বর উল্লেখ করে আবেদনপত্র, মহানগর এলাকায় আর ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, আটক করার সময় দেওয়া রেকার স্লিপের মূল কপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) এক কপি সত্যায়িত ফটোকপি এবং অবমুক্ত করা যানবাহন সিলেট মহানগর এলাকায় বিক্রি করা হবে না মর্মে অঙ্গীকারনামা।
গণবিজ্ঞপ্তিতে এসএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেন, এ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সিলেট মহানগর এলাকায় পুনরায় কোনো ব্যাটারিচালিত যানবাহন চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় জানান, পুলিশের কাছে বর্তমানে ১ হাজার ৫০০ ব্যাটারিচালিত রিকশা আটক রয়েছে। শর্তসাপেক্ষে এসব যানবাহন মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তবে ফের মহানগর এলাকায় এসব যানবাহন চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





