সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৯:২১:৩৯ অপরাহ্ন
একপক্ষের বিরোধিতা, অপরপক্ষের অনড় অবস্থান

স্টাফ রিপোর্টার : সিলেটে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হলেও এ কর্মসূচি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। একপক্ষ ধর্মঘট প্রত্যাখ্যান করে যানবাহন চালু রাখার ঘোষণা দিয়েছে। অন্যপক্ষ কর্মসূচি সফল করতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি সভা ও বক্তব্যে ধর্মঘটের আগেই পরিবহন খাতে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শেষ মুহূর্তে ধর্মঘট আহ্বানকারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে পুলিশ। ধর্মঘট প্রত্যাহারের প্রত্যাশা জানিয়েছেন এসএমপি কমিশনার।
জানা গেছে, তিন দফা দাবিতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে আজ সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হওয়ার কথা। এ কর্মসূচি নিয়ে গত শনিবার ও রোববার পৃথক সভা করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা।
ধর্মঘট প্রত্যাখ্যান করে গাড়ি চালুর আহ্বান:
রোববার দুপুরে দক্ষিণ সুরমার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্যোগে ধর্মঘটবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা ঘোষিত কর্মসূচিকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে সোমবার মাঠে থেকে যানবাহন পরিচালনার জন্য মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, সোমবারের ধর্মঘটের সঙ্গে সিলেটের সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। একটি হত্যা মামলাকে কেন্দ্র করে পুরো পরিবহন খাত অচল করে দেওয়ার উদ্যোগ তারা মেনে নিতে পারেন না। ধর্মঘট মানুষের দুর্ভোগ বাড়াবে উল্লেখ করে তিনি সবাইকে কর্মসূচি প্রত্যাখ্যান করে গাড়ি চালু রাখার আহ্বান জানান।
তিনি আরও অভিযোগ করেন, ব্যক্তিস্বার্থ হাসিল ও সরকারকে বেকায়দায় ফেলতে কতিপয় সরকারবিরোধী ব্যক্তি এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আব্দুর রহিম। সিলেট-ঢাকা দক্ষিণ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সেলিম আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মাসুদুর রহমান চৌধুরী, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-খাদিমপুর বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সৈয়দ মৌরশ আলী, সহসভাপতি শামসুদ্দিন বাবুধন, সিলেট-জকিগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের সহসভাপতি মুক্তার আহমদ ও মামুনুর রশিদ মামুন, জকিগঞ্জ নির্বাচন সদস্য আব্দুল মুহিত, সিলেট-কুলাউড়া বাস-মিনিবাস শ্রমিক শাখার সভাপতি মানিক আহমদ, সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আব্দুল মুকিত এবং ওসমানী মেডিকেল শ্রমিক শাখার সভাপতি আবু ইউসুফ প্রমুখ।
ট্রাক মালিক-শ্রমিকরাও ধর্মঘটের বিপক্ষে
এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে নিজেদের কার্যালয়ে সভা করে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। সভায় নেতারা জানান, সোমবারের ধর্মঘটের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা এতে অংশ নেবেন না।
সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ঘোষিত কর্মসূচি আদালত অবমাননার শামিল। এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সভায় সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারেরও প্রতিবাদ জানানো হয়।
ধর্মঘট সফল করার আহ্বান শ্রমিক ইউনিয়নের
অন্যদিকে ধর্মঘটের পক্ষে অবস্থান নিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। শনিবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে কর্মসূচি সফল করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।
ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় নেতারা বলেন, ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ কয়েকজন শ্রমিক নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
নেতারা জানান, দাবিগুলো আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। এরপরও কার্যকর উদ্যোগ না নেওয়ায় ১২ নভেম্বর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সভায় ১৬ নভেম্বর ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত হয়।
তিন দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ করা। এ ছাড়া নগর থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
শ্রমিক নেতাদের অভিযোগ, কদমতলী টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ইউনিয়নের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার প্রমাণ না মিললেও অভিযোগপত্রে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তারা। এ ছাড়া পার্কিংয়ের জায়গা না পাওয়া এবং পরিবহন খাতে বিভিন্ন অনিয়ম নিয়েও ক্ষোভ জানান নেতারা।
ধর্মঘট প্রত্যাহারে পুলিশের উদ্যোগ
এদিকে ধর্মঘট নিয়ে মালিক-শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে রোববার রাত ৯ টার দিকে এসএমপি সদরদপ্তরে ধর্মঘট আহ্বানকারী মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে পুলিশ। বৈঠক চলাকালে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ধর্মঘট আহ্বানকারী মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বসেছেন তারা। ধর্মঘট প্রত্যাহার হবে বলে তিনি প্রত্যাশা করছেন।
সব মিলিয়ে ধর্মঘটের আগেই পরিবহন খাতের মালিক ও শ্রমিক সংগঠনগুলোর বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে কর্মবিরতি সফল করার প্রস্তুতি, অন্যদিকে তা প্রত্যাখ্যান করে যানবাহন চালু রাখার ঘোষণা। শেষ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার হবে, নাকি সিলেটের সড়ক পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়বে—তা নিয়ে উদ্বেগে রয়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।




