পাঁচ দফা দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩২:০৮ অপরাহ্ন

কর্ম-অধিক্ষেত্র সুরক্ষা, প্রস্তাবিত বিতর্কিত বিধিমালা বাতিলসহ পাঁচ দফা দাবিতে সিলেটে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা (কাজী)। সোমবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট কাজী কল্যাণ সমিতি ও সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা বদরুল ইসলাম। পরিচালনা করেন সিলেট কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল জলিল খান।
বক্তারা বলেন, ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬’-এর প্রস্তাবিত খসড়ায় নিকাহ্ রেজিস্ট্রারদের প্রচলিত কর্ম-অধিক্ষেত্র পরিবর্তন এবং সাধারণ ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে আলেম-ওলামাদের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে প্রতিষ্ঠিত বর্তমান ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগে তাঁরা উদ্বিগ্ন। তাঁরা বলেন, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়নে বর্তমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখতে হবে। ধর্মীয় জ্ঞান ছাড়া শুধু সাধারণ ডিগ্রির ভিত্তিতে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ করা হলে বিবাহ ও তালাকের মতো গুরুত্বপূর্ণ ইসলামি বিধান পালনে শরিয়াহগত ভুল এবং সামাজিক জটিলতা সৃষ্টি হতে পারে।
তাঁদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আলেম সমাজ ও সরকারের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছে। প্রস্তাবিত বিতর্কিত খসড়া বিধিমালা বাতিল এবং নিকাহ্ রেজিস্ট্রারদের বর্তমান কর্ম-অধিক্ষেত্র সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন তাঁরা। কর্মসূচিতে সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী সৈয়দ মুজাম্মিল উদ্দিন, সহ-সভাপতি কাজী মাওলানা মো. নুরুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুল হাসিব, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. জাকারিয়া খানসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এছাড়া সিলেট কাজী কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা মো. জয়নুল ইসলাম মুনিম, সহ-সভাপতি কাজী মাওলানা মো. বদরুদ্দোজা, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবু সালেহ মওদুদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. আব্দুস সালাম, আইনবিষয়ক সম্পাদক কাজী মাওলানা নুরুল আমিনসহ দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা গোলাম আহমদ। বিজ্ঞপ্তি





