নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে দেশি মাছের শুঁটকি
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৫:৪৭:৫০ অপরাহ্ন
শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশি মাছের শুঁটকি। একসময় যে শুঁটকির ঘ্রাণে মুখর থাকত হাটবাজার ও গ্রামের বাড়ির উঠোন, এখন তা আর তেমন চোখে পড়ে না। দেশি মাছের সংকট এবং প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় ঐতিহ্যবাহী শুঁটকি তৈরির প্রচলনও হারিয়ে যেতে বসেছে।
একসময় নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের হাওর, বিল ও খাল-বিলে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। পুঁটি, টেংরা, শিং, মাগুর, কৈ, বোয়াল, বাইম, খলিশা ও চিংড়িসহ নানা প্রজাতির মাছ দিয়ে বাড়িতে বাড়িতে তৈরি হতো শুঁটকি। পরিবারের চাহিদা মিটিয়ে অনেকে এসব শুঁটকি বাজারেও বিক্রি করতেন। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে।
স্থানীয় তরুণ রানু সরকার বলেন, দেশি মাছ কমে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। হাওর-বিল ভরাট করে বাড়িঘর ও রাস্তা নির্মাণ, অবৈধ কারেন্ট জালের ব্যবহার এবং ছোট মাছ নিধনের কারণে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে খাল-বিলের মাছও মারা যাচ্ছে।
অন্যদিকে, বাজারে চাষের মাছের আধিক্য বেড়েছে। পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতলা, মাগুর, বোয়াল, শোল ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির চাষের মাছ সহজলভ্য হওয়ায় দেশি মাছের চাহিদা ও সরবরাহে পরিবর্তন এসেছে। দেশি মাছের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেক ক্রেতাও তা কিনতে আগ্রহী হন না।
স্থানীয় মৎস্যজীবী তরাজ মেম্বার বলেন, বাজারে বর্তমানে যে শুঁটকি পাওয়া যায়, তার অধিকাংশই বাইরে থেকে আসে। কিছু শুঁটকিতে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগও রয়েছে। ফলে দেশি মাছের শুঁটকির আসল স্বাদ ও ঘ্রাণ পাওয়া কঠিন হয়ে পড়েছে।
প্রবীণ গৃহিণী আগরছান বলেন, আগে শুঁটকি ভর্তা, শুঁটকি দিয়ে শিমের বিচি কিংবা লাউ রান্না ছাড়া যেন ভাত খাওয়ার কথা চিন্তাই করা যেত না। এখন বাজারে ভালো শুঁটকি পাওয়া যায় না। যা পাওয়া যায়, তাতে আগের মতো স্বাদ নেই।
জেলে সুকুমার সরকার বলেন, আগে একদিন জাল ফেললেই মণকে মণ দেশি মাছ পাওয়া যেত। কিছু মাছ বিক্রি করতেন, আর বাকিগুলো দিয়ে শুঁটকি তৈরি করতেন। এখন সারাদিন জাল ফেলেও দুই থেকে তিন কেজির বেশি মাছ পাওয়া যায় না। ফলে শুঁটকি তৈরি করাও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, দেশি মাছ ও শুঁটকির ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে হাওর-বিল দখল ও ভরাট বন্ধ, অবৈধ কারেন্ট জালের ব্যবহার নিয়ন্ত্রণ এবং মাছের অভয়াশ্রম গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও মাছের প্রজনন মৌসুমে কার্যকর নজরদারি বাড়ানো প্রয়োজন।
তাদের আশঙ্কা, এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামী প্রজন্মের কাছে নবীগঞ্জের ঐতিহ্যবাহী দেশি মাছের শুঁটকি কেবল স্মৃতির বিষয় হয়ে থাকবে। হারিয়ে যাবে গ্রামবাংলার চিরচেনা সেই স্বাদ ও ঘ্রাণ।




