মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৮:২২:০০ অপরাহ্ন
ভারত প্রতিনিধি: ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তাঁর দুই শিশুপুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে এলপিজি গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাম্বোল থানার অন্তর্গত নাম্বোল মাইবাম চিংনিং মাখা লেইকাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাংজ্রাকপাম ওংবি রঞ্জনা (৩৭) এবং তাঁর দুই ছেলে পিবারেল (১৪) ও পোইরেইনগানবা (৭)।
প্রাথমিক সূত্রে জানা গেছে, বাড়িতে এলপিজি গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন ও বিস্ফোরণের পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুরুতর দগ্ধ হন রঞ্জনার স্বামী নরেন্দ্র (৩৭) এবং প্রতিবেশী ১৩ বছর বয়সী এক কিশোর। তাঁদের দুজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক সায়েন্স ইউনিটের একটি দল। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। পরে রাতে বাড়ির ধ্বংসস্তূপ থেকে রঞ্জনা ও তাঁর দুই সন্তানের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ইম্ফলের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নাম্বোল থানায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।




