‘বাংলাদেশে পুশ-ইন’-র শঙ্কায় ভারতের মুসলিমরা
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:০৬:১৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশটির বহু মুসলিম। কারও ঠাঁই হচ্ছে আটককেন্দ্রে, আবার কাউকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। এতে জন্ম ও বেড়ে ওঠা ভারতে হলেও নাগরিকত্বের প্রমাণ দিতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিন কাটছে অনেকের।
সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অনেক মুসলিমকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে।
এমনই একজন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ে বাড়ি থেকে সবজি কিনতে বের হয়ে আর ফেরেননি তিনি। বর্তমানে স্বামী ও দুই সন্তানকে ছেড়ে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে থাকতে হচ্ছে তাকে। সাহিদার অভিযোগ, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাকে আটক করে মুঠোফোন কেড়ে নেন। পরে তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়।
রয়টার্সের সঙ্গে কথা বলা ১০টি পরিবারের সদস্যরাও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের স্বজনদের কেউ আটক হয়েছেন, কাউকে বাংলাদেশে পাঠানো হয়েছে, আবার কাউকে নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অথচ পরিবারের অন্য সদস্যদের নাম ভারতের ভোটার তালিকায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় পরিসরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা। বিভিন্ন তথ্য ও মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণে বলা হয়েছে, এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুসলিমদের ওপর। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন বিজেপি।
পশ্চিমবঙ্গে চলতি বছরের রাজ্য নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়। সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিম, যদিও রাজ্যটির মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।
গত ৫ নভেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বের করে দেওয়া বিজেপির অঙ্গীকার।
এদিকে সাহিদাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে তার পরিবার। তাদের আবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কেউ বিদেশি হয়ে যান না।
মানবাধিকারকর্মী কিরিটি রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ আবেদন জমা পড়লেও ট্রাইব্যুনালগুলোতে শুনানি চলছে ধীরগতিতে। ফলে নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও অনেককে ন্যায়বিচার ও পরিবারের কাছে ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে।




