সিলেট আসছেন জাতিসংঘের বিশেষ দূত
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৬:৫৫:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শিক্ষার অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করতে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফারিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। সফরে ঢাকা ছাড়াও সিলেট এবং বান্দরবানে কর্মসূচীতে অংশগ্রহণ করার কথা রয়েছে বেিশষ এই দূতের।
সফরকালে ফারিদা শহীদ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক সংগঠন, শিক্ষার্থী সংগঠন, শিক্ষাবিদসহ শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এ সফরে সবার জন্য মানসম্মত সরকারি শিক্ষায় বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ ও অধিকার পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। পাশাপাশি শিক্ষা খাতে অর্থায়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর উত্থাপিত অন্যান্য বিষয়ও তার পর্যালোচনায় থাকবে। সফরের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরতে আগামী ৩ ডিসেম্বর দুপুর ২টায় ঢাকায় জাতিসংঘ ভবনে সংবাদ সম্মেলন করবেন ফারিদা শহীদ। এতে শুধু স্বীকৃত সাংবাদিকেরা অংশ নিতে পারবেন।
অংশগ্রহণে আগ্রহী সাংবাদিকদের ১ ডিসেম্বরের মধ্যে মো. মোফাজ্জল হোসেনের সঙ্গে (mdmofazzol.hossain@un.org) যোগাযোগ করে নিবন্ধন করতে হবে। বাংলাদেশ সফরের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করবেন বিশেষ দূত।




