কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:০৮:৫৫ অপরাহ্ন

দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ১২৯৫তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ আসরে সভাপতিত্ব করেন কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ও শিশুসাহিত্যিক মিনহাজ ফয়সল।
তরুণ কবি শাহনূর আলম মাহিরের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশ নেন কবি ছয়ফুল আলম পারুল, নিলোপা ইসলাম নিলু ও সাজন আহমদ সাজু।
আলোচকরা বলেন, ভালো লেখক হওয়ার প্রথম শর্ত হলো ভালো পাঠক হওয়া। শুধু ফেসবুক, অনলাইন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের লেখা পড়ে সাহিত্যচর্চার পরিপূর্ণতা আসে না। দেশি-বিদেশি সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস ও দর্শন পড়তে হবে। পূর্বসূরি সাহিত্যিকদের লেখার সঙ্গে পরিচিত হতে হবে। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, ফররুখ আহমদ ও আল মাহমুদসহ গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম পাঠ করতে হবে। পাঠের মধ্য দিয়েই লেখার ভিত তৈরি হয়।
আসরে স্বরচিত লেখাপাঠ করেন কবির মাহমুদ, সুফি আকবর, জুবের আহমদ সার্জন, কামাল আহমদ, মকসুদ আহমদ লাল, এন এ আশালতা, মোহাম্মদ আলী সুমন, আমির বিন গোলাম রাব্বানী, হুসাইন হামিদ, মো. আশরাফ হোসেন, লিলু মিয়া ও দিদার আহমদ।
আসরে সংগীত পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল। এ সময় সেরা লেখক হিসেবে মনোনীত হন কবির মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি




