ইউএনও’র সঙ্গে মাসুক বাজার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:১৪:১১ অপরাহ্ন

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাজার ব্যবসায়ী নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইউএনওর সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ নির্বাচন কমিশনের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি বাজারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করেন। এ সময় আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন পরিদর্শনের জন্য তাঁকে আমন্ত্রণ জানান নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, সমাজসেবা কর্মকর্তা নুসরাত-এ-ইলাহী ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবিবকেও নির্বাচন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।
এর আগে নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সহসভাপতি ড. শাহ জামাল নুরুল হুদা, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন এবং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মাসুক বাজার ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার সার্ভেয়ার রফিক আহমদ, যুগ্ম সচিব সাংবাদিক এম রহমান ফারুক এবং কমিশনার আব্দুস শহিদ, আব্দুস সামাদ, সাবেদ আলী ও বদরুল আলম খান। বিজ্ঞপ্তি




