প্রবাসীদের মেধা-দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান শফিকুর রহমানের
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৮:৩৫:২৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিমদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান

জালালাবাদ ডেস্ক: প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, মেধা ও পেশাগত দক্ষতা বাংলাদেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, প্রবাসে থাকলেও ঈমান, আমল ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। পাশাপাশি যে দেশে বসবাস করবেন, সেই দেশের উন্নয়ন ও অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সময় বিকাল ৪টায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, সর্বাবস্থায় তাঁর ঈমান ও ইসলামী মূল্যবোধ ধরে রাখতে হবে। একই সঙ্গে বসবাসরত দেশের প্রতি দায়িত্বশীল থেকে দেশটির সার্বিক উন্নয়নেও অবদান রাখতে হবে।
তিনি বলেন, প্রবাসীদের ভূমিকা শুধু ব্যক্তিগত সাফল্য কিংবা কর্মজীবনের অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বিদেশের মাটিতে নিজেদের সততা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের অগ্রগতিতে প্রবাসীরা কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এরআগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নেন জামায়াত আমীর। সেখানে তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল সমাজের কল্যাণে যে অবদান রাখছে, তা প্রশংসনীয়।
তিনি কাউন্সিলের আন্তরিক অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ এবং সেই ভূখণ্ডের স্মৃতি হৃদয়ে ধারণ করার বিষয়টি বাংলাদেশিরা উপলব্ধি করেন। এ কারণে অস্ট্রেলিয়ার আদি অধিবাসীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান তিনি।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের কার্যক্রমের প্রশংসা করে ডা. শফিকুর রহমান মুসলিম কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে অস্ট্রেলিয়ার সমাজে মুসলিমদের অবদান আরও বিস্তৃত হবে।
দুটি অনুষ্ঠানে জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান। এছাড়া অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের নেতৃবৃন্দ, ইমাম, আলেম-ওলামা, ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নেন। (বিজ্ঞপ্তি)



