উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৭:১৫:২৩ অপরাহ্ন
ভারত প্রতিনিধি: ভারতের উত্তরপ্রদেশের কনৌজে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। মঙ্গলবার সকাল ৬টার দিকে থাথিয়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। তাঁরা কৌশাম্বী জেলার সিরাথু এলাকার ওরিয়েন্টাল পাবলিক স্কুলের শিক্ষার্থী। স্কুলের শিক্ষা সফর বা পিকনিক শেষে আগ্রা থেকে কৌশাম্বী ফিরছিলেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একপর্যায়ে এক্সপ্রেসওয়েতে বাসটি দাঁড়িয়ে থাকলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিক্ষার্থী ও শিক্ষকরা ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে তিরওয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনৌজের জেলাশাসক আশুতোষ মোহন ও জেলা পুলিশ সুপার বিনোদ কুমার আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান।




