কানাইঘাটে আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৪, ৬:১৫:২৫ অপরাহ্ন

কানাইঘাটে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী|
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন|
গতকাল ১০ আগস্ট, শনিবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজুর পরিচালনায় যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী| আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আওয়ামী লীগ নেতা তাজিম উদ্দিন, জহির উদ্দিন, মানিক আহমেদ, পলাশ, সাদিক, জসিম উদ্দিন, তুতা মিয়া, নাজিম উদ্দীন, ফখর উদ্দিন, বিল্লাল হোসেনসহ তাদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের প্রায় ৫০জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন|
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, গণতন্ত্র মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই| বিএনপি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে| তাই গণতন্ত্রকামী মানুষ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছে| তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের ৫০ জন নেতাকর্মী আজ বিএনপিতে যোগদান করেছেন, তিনি আরও বলেন আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে| বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি ঘুরে দাড়াবে| তাই
সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান|
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন, আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক নুরুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল বাসার, ছাত্রদল সভাপতি রাসেল চৌধুরী, বিএনপি নেতা নুর উদ্দিন, আবুল কালাম, সুরুজ আলী, যুবদল নেতা কামরুল ইসলাম, মিসবাহ উদ্দিন প্রমুখ






