নগরে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৯:১৯:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। নগরীর বন্দরবাজার, জেল রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার কাটিপুর গ্রামের আবদুল মালিক রুহেল (২৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বোরুরাড়া গ্রামের পারভেজ আহমদ (২৫), সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলার বাবলু আহমদ (২৩) ও বাগবাড়ি সোনার বাংলা আবাসিক এলাকার মো. কয়েছ (৩০)।
পুলিশ জানায়, ১০ ডিসেম্বর বিকেল সোয়া ৪টার দিকে নগরীর তালতলার নূরজাহান হোটেলের সামনে মৌলভীবাজারের কুলাউড়ার পূর্ব জালালাবাদ গ্রামের ওয়াহিদ হোসেন (১৯) ও তার চাচাতো ভাই ছিনতাইয়ের শিকার হন। তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৭০০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ১২ ডিসেম্বর ওয়াহিদ হোসেনের চাচা হুমায়ুন কিবরিয়া বাবলু (৩৭) বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করেন। পরে কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হকের নির্দেশনায় কোতোয়ালি থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা তিন হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।






