গোলাপগঞ্জে নিরাপত্তাহীনতায় আওয়ামীলীগ কর্মী তাওহীদের পরিবার : প্রশাসনের হস্তক্ষেপ কামনা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫:১৭ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি: আওয়ামীলীগ কর্মী তাওহীদ হাসান| বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের বাউসী গ্রামে| তিনি এই গ্রামের মৃত সাকির আহমেদ এর পুত্র| রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এই তরুণ আজ দেশান্তরী| গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীদের অব্যাহত হুমকি এবং হামলার মুখে প্রাণে বাঁচতে তিনি প্রিয় মাতৃভূমি ছাড়তে বাধ্য হন| কিন্তু তাওহীদ দেশ ছাড়লেও প্রতিহিংসার আগুন তার পিছু ছাড়ছেনা| প্রতিপক্ষের নানা প্রতিবন্ধকতায় চরম ভুগছেন তাওহীদ হাসানের পরিবারের লোকজন|
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ৫ আগস্টের পর থেকেই তাওহীদ হাসানকে লক্ষ্য করে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া শুরু হয়| তাওহীদ হাসান রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কাজের সাথে জড়িত ছিলেন যা থাকে আরো বেশি সুপরিচিত করে তোলে নিজ এলাকায়|
রক্ত দান করা, খাদ্য অপচয় রোধ করা এবং মাদকের বিরুদ্ধে সব সময় অগ্রণী ভূমিকা পালন করতেন|তার পাশাপাশি তাওহীদ হাসানের গৃহগল্প নামে একটি বেতের ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান আছে|তার খোঁজে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করার চেষ্টা করে এবং বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে| চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় দূর্বৃত্তরা|
এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট একদল দুর্বৃত্ত তাওহীদ হাসানের খোঁজে তার বাড়িতে হানা দেয়| তাকে না পেয়ে দুর্বৃত্তরা তার বড় ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায় এবং বাড়িঘরে তাণ্ডব চালায়| হামলায় পরিবারের কয়েকজন সদস্য মারাত্মক আহত হন ও বড় ভাইয়ের হাত ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা| এই হামলায় বড় ভাই দীর্ঘ দিন সিলেট ইবনে সিনা হাসপাতালে অসহনীয় যন্ত্রণায় থাকলেও তাওহীদ হাসান পরিবার থেকে পালিয়ে থাকতে হয়েছে|
ক্রমাগত হয়রানি ও জীবনের ঝুঁকি থাকায় এক পর্যায়ে কয়েকদিন আগে জানমালের নিরাপত্তায় তাওহীদ হাসান দেশ ত্যাগ করে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন| বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাওহীদ হাসান নিজের ও তার পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন|






