১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ৯:৪৫:২৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল বুধবার অপারেটরদের এই নির্দেশনা দিয়েছে সংস্থাটি। নির্দেশনা অনুসারে, বিনামূল্যের এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। গত ৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে এবং ডিজিটাল স্বাধীনতা প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের আগাম জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।
গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়।






