এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৬:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর একটি চা-বাগান থেকে চীনের তৈরি একটি রাইফেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট কোনো থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এসআরবি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধিন খাদিমনগর ইউনিয়নের লালিছড়া চা-বাগানে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এই তথ্য জানিয়েছে এসআরবি-৯ সিলেট। এসআরবি জানায়, চা-বাগানের ভেতরের একটি কাঁচা রাস্তার পূর্ব পাশে ঝিরির পানিতে অস্ত্রটি পড়ে ছিল। কাঠের বাঁটবিহীন রাইফেলটির গায়ে ‘মেড ইন চায়না’ লেখা রয়েছে। এটি ৭ দশমিক ৬২ মিলিমিটার ক্যালিবারের টাইপ-১৯৫৬ মডেলের রাইফেল। তবে অভিযানের সময় অস্ত্রটির সঙ্গে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত রাইফেলের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নিতে রাইফেলটি সাধারণ ডায়েরিমূলে এসএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।





