জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৬:৩২ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন কোতোয়ালি থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা পরিষদ ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি থানা জমিয়তের সভাপতি মাওলানা আহমদ সগীর বিন আমকুনীর নেতৃত্বে প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে হক্কানি ওলামায়ে কেরামের অংশগ্রহণ অপরিহার্য। উলামায়ে কেরাম সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব। তারা মুসলিম সমাজকে আল্লাহর নৈকট্য লাভের আহ্বান জানানোর পাশাপাশি মদ, জুয়া, ঘুষসহ বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকতে মানুষকে সচেতন করেন।
তিনি বলেন, এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে জমিয়তে উলামায়ে ইসলামের অবদান জাতীয়ভাবে স্বীকৃত। আধ্যাত্মিক নগরী সিলেটকে আরও সুন্দর ও মনোরমভাবে গড়ে তুলতে তিনি জমিয়ত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
এ সময় জমিয়ত নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসককে তাঁর দায়িত্ব সঠিকভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, কোতোয়ালি থানার সিনিয়র সহ-সভাপতি মুফতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা ফয়জুল বারি, মাওলানা ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইয়াসির আরাফাত, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বাহাউদ্দিন বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, মহানগর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল খায়ের, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রহমান নাদিম, মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ। পরে জমিয়ত নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি





