৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৮:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন গত নয় মাসে ৯৩১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে।
বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
তিনি জানান, সরাইল রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৬৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এসব ঘটনায় ৩০৫ জনকে আটক করা হয়েছে।
সীমান্তে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালুও জব্দ করা হয়েছে।
লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, নিরাপদ সীমান্তই নিরাপদ দেশের ভিত্তি এবং সীমান্তবাসীর আস্থাই সেই ভিত্তির মূল শক্তি। বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাবে।





