বিয়ানীবাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৩:২২ অপরাহ্ন
বিয়ানীবাজারের সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ সহজ করতে উপজেলা পরিষদ ভবনের নিচতলায় ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্ষটির উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উদ্বোধনকালে এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজারের তৃণমূল মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে তারা দায়বদ্ধ। পরিদর্শন কক্ষ চালুর ফলে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয়ে এমপির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এটি প্রশাসন ও জনগণের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করবে।
এর আগে এমরান আহমদ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে পৃথক সভাগুলোতে রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, যানজটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় এমরান আহমদ চৌধুরী বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অন্যায় করা যাবে না। জনগণকে কষ্ট দেওয়া বা জনগণের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কুশিয়ারা নদীর শিকপুর-বহরগ্রাম সেতু নির্মিত হলে সিলেটের সঙ্গে বিয়ানীবাজারের দূরত্ব ও যাতায়াতের সময় কমে আসবে। প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করছে উল্লেখ করে এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের উন্নয়নে প্রবাসীরা যাতে বিনিয়োগ করতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরিতে সরকার কাজ করবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বিষয়টিও তুলে ধরেন তিনি। বিজ্ঞপ্তি






