ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মহাসচিব: সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪১:৪৪ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকারের সাত মাস অতিক্রম হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার নগরীর মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের আয়োজনে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তন হলেও দেশের নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। এর ফলে দুর্নীতি, দুঃশাসন, পাচার ও লুণ্ঠন বন্ধ হচ্ছে না। এসব সমস্যা দূর করতে প্রশিক্ষিত ও আদর্শবান মানুষের প্রয়োজন রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ধরনের মানুষ গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশের জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা বেড়েছে এবং গ্যাসের অভাবে বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে বেকারত্বও বাড়ছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
শাহজালাল (রহ.)-এর মাজারের দানের অর্থ প্রসঙ্গে তিনি বলেন, এই অর্থ জনগণের সেবা, মানবকল্যাণ ও ধর্মীয় কাজে ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের অর্থ ব্যবহারের উদাহরণ অনুসরণ করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া হাম রোগে আক্রান্ত ও মৃত্যুর বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গাজী আতাউর রহমান। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া এবং প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা গ্রহণের আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন জেলা সেক্রেটারি মুফতী আবু তাহের মিসবাহ ও মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, হবিগঞ্জ জেলা সভাপতি মুহিবুর রহমান সোহেল, সুনামগঞ্জ জেলা সভাপতি শহিদুল ইসলাম পলাশী, মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী রুহুল আমিনসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি






