সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৫:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটে সন্ধ্যায় হালকা বৃষ্টি হলেও কমেনি গরমের অনুভূতি। বুধবার সকাল থেকে আকাশ ছিল সোনা রোদের ঝিলমলানি, বিকেল থেকে শুরতের আকাশ আংশিক মেঘলা হতে শুরু করে। সন্ধ্যার দিকে নগরের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাতও হয়।
কিন্তু এ বৃষ্টি জনজীবনে স্বস্তির পরশ বুলিয়ে দিতে পারেনি। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে।
তবে বৃষ্টি নিয়ে আশারবানী শুনিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিভাগের এক-দুই জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১ দশমিক ২ মিলিমিটার।
তবে বৃষ্টির পরও তাপমাত্রায় তেমন পরিবর্তন হয়নি। বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। ফলে তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বজায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। একই সময়ে ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিলেটে বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ৪১ মিনিটে।





