বড়লেখায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৬:৩১:৩৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ২০১৩ সালের ৩০ নভেম্বর ইসলামী ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টা, মোটরসাইকেল পুড়ানো ও টাকা ছিনতাই মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামী পৌরশ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ উপজেলার ডিমাইবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার শ্রমিকলীগ নেতা পৌরসভার মহুবন্দ মাইজপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিক সহকর্মী হাফিজ আহমদ, আব্দুল মুকিত ও মাহবুব আহমদ খানকে নিয়ে দুইটি মোটরসাইকেলে বড়লেখা বাজারসহ বিভিন্ন গ্রাম হতে খেলাপি বিনিয়োগ ১ লাখ ৬৫ হাজার টাকা আদায়ের পর ইসলামী ব্যাংক বড়লেখা শাখায় জমা দিতে যান। হ্যাপি কমপ্লেক্সের সম্মুখে পৌঁছলে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা বিবাদীরা ‘ঐ যে জামায়াতের লোক।…ধর..ধর মার’ বলে দা, লোহার রড, হকিস্টিক, ছুরি, কিরিচ, চাপাতি নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। এতে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিক, হাফিজ আহমদ, আব্দুল মুকিত প্রমুখ আহত হন। বিবাদীরা ব্যাংক কর্মকর্তার আদায়কৃত টাকা ছিনিয়ে নেয়। মোটর সাইকেল ভাঙচুর ও পেট্টোল ঢেলে পুড়িয়ে দেয়।
থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামী ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুল মালিকের মামলার এজাহারনামীয় আসামি। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।






