সাদাপাথর রাজনৈতিক ঐক্যমতে লুট হয়েছে
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ৭:৫৪:০৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: ভোলাগঞ্জের সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং টাঙ্গুয়ার হাওরকেন্দ্রীক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে হাওর ও নদীরক্ষা আন্দোলনের আয়োজনে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাওর ও নদীরক্ষা আন্দোলনের সভাপতি ওবায়দুল হক বলেন, ভোলাগঞ্জ সাদাপাথর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে লুট করা হয়েছে। সংঘবদ্ধ লুট প্রায় দেড় মাস ধরে চলছে। প্রশাসন এতদিন নিরব ছিল কেন? পর্যটকদের অপার সম্ভাবনা আজ হারিয়ে গেছে। এত এত পাথর প্রশাসনের নাকের ডগায় কিভাবে লুট হয়? লুট হওয়ার পর পাথর ফিরিয়ে আনা হচ্ছে। যে পাথরগুলো বিক্রি হয়েছে তার কী হবে। রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের লোকজন লুটের সাথে জড়িত। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনী ব্যবস্থা নিতে হবে।
পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একে আবু নাসার বলেন, সাদা পাথর লুট মানে রাষ্ট্রীয় সম্পদ লুট করা। রাজনৈতিক ঐক্যমতে লুট হওয়া পাথরের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে।
হাওর ও নদীরক্ষা আন্দোলনের আহবায়ক ওবায়দুল হক এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনউদ্যোগের আহ্বায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু, সিপিবির সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি একেএম আবু নাছার, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এড. খলিল রহমান, জেলা উদীচীর সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজসেবক নুরুল হক, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু, এড. দীপঙ্কর বনিক, জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলার আহমদ উসমান, ছাতক উপজেলার উজ্জীবক সুজন তালুকদার, রকিব রুবাইয়্যাত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শফিউল আলম প্রমুখ।






