সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র্যালি
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৬:৩৮:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: ‘অভয়াশ্রমে গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো শামশুল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার প্রশান্ত দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপস রঞ্জন শীল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জাকির হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মৎস্যচাষি আনোয়ার হোসেন। কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার হোসেন ।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মৎস্য আমাদের সম্পদ। এর মাধ্যমে কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন করা সম্ভব। মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে পোনা মাছ ক্রয়, বিক্রয় থেকে আমাদের বিরত থাকতে হবে। অনুষ্ঠানের পূর্বে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৪০ কেজি দেশীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।






