সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৭:৫০:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১০ পরিবারের সদস্যদের মাঝে ৪৬ লাখ টাকার মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে। রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সহায়তায় উক্ত পরিবারের সদস্যদের হাতে মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। এসময় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ এবং আহতদের পরিবারকে ১ লাখ করে টাকা সহায়তা দেওয়া হয়েছে।
চেক বিতরণ শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি সমাজের জন্য এক বড় বিপর্যয়। এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকটময় সময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
বিআরটিএ সুনামগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক (অ:দা:) দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। কেউ সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে ৩০ দিনের মধ্যেই বিআরটিএ নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল, বিআরটিএ সুনামগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক (অ:দা:) দেলোয়ার হোসেন প্রমূখ।






