তাহিরপুরে সংঘর্ষে আহত ২০
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৬:২৪:৪১ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের সড়কে ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান ও রাশিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর তার ১৫-২০ সহযোগিদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাশিদ মিয়ার উপর হামলা চালিয়ে রাশিদ মিয়া(৭০)কে পিটিয়ে একটি পা ভেঙে দেয়। খবর পেয়ে রাশিদ মিয়ার লোকজন আসলে তাদেরকেও ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে হতাহত করে। এরপর রাশিদ মিয়ার লোকজন পাল্টা হামলা চালিয়ে হাবিবুর রহমানের পক্ষের জায়েদা (৩০), জামির আলী (২৮) ও কালা মিয়া (৩৫)কে আহত করে।
খবর পেয়ে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। এই বিষয় লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।






