আনসার বাহিনীর নির্বাচনি প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৯:২০:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আগামী নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষে দেশের জেলা-উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে নির্বাচনি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। ২৮ দিনব্যাপী চলমান ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সঙ্গে সমন্বয় করে নির্বাচনি দায়িত্বের প্রাক-প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় অনুশীলন সম্পৃক্ত করা হয়েছে।
এই প্রশিক্ষণের আওতায় বাহিনীর সদস্যদের নির্বাচনে করণীয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, ভোটারদের ভোটদানে সহযোগিতা করা, ব্যালট পেপার এবং ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েকটি বিষয়ে হাতে-কলমে মহড়া দেওয়া হচ্ছে। বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই মহড়ায় অংশগ্রহণ করছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।






