খাসিয়ামারা বালু মহাল পরিদর্শনে জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৯:০২:৩৬ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর ইজারাকৃত বালু মহাল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া। বুধবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী, রাবারড্যাম, লিয়াকতগঞ্জ বাংলাবাজারসহ নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে বিধিনিষেধ আরোপ করেন এবং রাবারড্যামের দু’পাশে নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেড দেওয়ার নির্দেশনা দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, খাসিয়ামারা নদীতে কোনভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সুযোগ নেই। ইজারাদারকে নিষেধ করা হয়েছে আগামী একসপ্তাহের ভিতরে যেনো ড্রেজার মেশিনগুলা সরিয়ে নেওয়া হয়।
তিনি বলেন, খাসিয়ামারা নদীতে ইজারাদার কর্তৃক নীতিমালা বহির্ভূতভাবে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই। এলাকার স্থাপনা, চলাচলের সড়ক ও ফসলি জমি হতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালু তুলতে হবে।
এসময় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।






