ঐতিহাসিক ঘড়ির সামনে ট্রফি উন্মোচন
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:৫৫:২৯ অপরাহ্ন

স্পোর্টস রিপোর্টার : সিলেটের নয়নাভিরাম মাঠে কাল শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজ। তাঁর আগে রোববার হয়ে গেলো সিরিজের ট্রফি উন্মোচন।সিলেটের শত বছরের ঐতিহ্যের স্মারক ঐতিহাসিক আলী আমজদের ঘড়ি ও ক্বিন ব্রিজের পাশে হলো ট্রফি উন্মোচন। এজন্য স্রোতস্বিনী সুরমা তীর যেন অন্যরকম এক প্রাণ পেয়েছিলো কাল।
ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ডু বার্লবির্নি। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসক সারওয়ার আলম উপস্থিত ছিলেন।
ট্রফি প্রদর্শনের মাধ্যমে শহরের খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোই মূল উদ্দেশ্য। ট্যুরিজমের সাথে ক্রিকেটকে পরিচয় করিয়ে দিতে এই ধরনের আয়োজন বলে সংশ্লিষ্টরা জানান।ঘড়ি টাওয়ারটি সিলেটের ঔপনিবেশিক যুগের ঐতিহ্য এবং ব্রিটিশ ভারতের বিস্তৃত ইতিহাসের সংযোগের প্রতীক। এর মার্জিত স্থাপত্য এবং দীর্ঘস্থায়ী উপস্থিতি সেসময়ের কারুশিল্পকে প্রতিফলিত করে। ১৮৭৪ সালে নির্মিত হয় এই আলী আমজদের ঘড়ি টাওয়ার। কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজদের নামে ঘড়িটি নির্মাণ করেন।
এটির কিছুদূরে ১৯৩৬ সালে নির্মিত ক্বিন সেতু সুরমা নদীর উপর বিস্তৃত। আসামের তৎকালীন গভর্নর স্যার মাইকেল কিনের নামকরণে বানানো হয়েছিল সেতুটি। ইস্পাতের সেতুটি সেসময়ের প্রকৌশল কীর্তি এবং শহরের অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল এতিহাসিক লালবাগ কেল্লায় এবং অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার আলী আমজদের ঘড়ির সামনে উন্মোচন করা হলো ট্রফি।





