জৈন্তাপুরে যৌথ অভিযানে ভারতীয় শাড়িসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৮:২২:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে যৌথবাহিনীর অভিযানে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার লামনিগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনজুরুল ইসলাম (৩২) ও রেজাউল করিম (২২) নামের দুই সহোদরকে আটক করা হয়। তাদের পিতার নাম সিরাজুল ইসলাম এবং তারা জৈন্তাপুর থানাধীন লামনি গ্রামের বাসিন্দা।
অভিযানকালে মনজুরুল ইসলামের বসতঘর তল্লাশি চালিয়ে ২৪ পিস ভারতীয় শাড়ি এবং ৬ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।






