শাবির হলে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাতিমা তুজ জাহরা আবাসিক হলের সামনে অগ্নিকান্ডের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাতিমা তুজ জাহরা হল সংলগ্ন টিলাতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংঘটিত অগ্নিকান্ডের কারণ অনুসন্ধান, জান মালের ক্ষতি নিরুপন ও পরবর্তী করণীয় নির্ধারণে এ কমিটি গঠন করা হলো। কমিটিতে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে আহবায়ক এবং অতিরিক্ত হিসাব পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রক্টর অধ্যাপক মো: মোখলেসুর রহমান, ফাতিমা তুজ জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমত আরা, ভারপ্রাপ্ত এস্টেট কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী। কমিটিকে উপর্যুক্ত দায়িত্ব বিবেচনায় সুপারিশসহ যথাশীঘ্র প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এর আগে গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফাতিমা তুজ জাহরা আবাসিক হল সংলগ্ন শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। এতে হল ঝুঁকির মধ্যে পড়লে উপস্থিত নিরাপত্তা কর্মীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এই ঘটনায় ৪ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। আহতরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।





