মেডিকেলে পছন্দক্রম পরিবর্তন শেষ ১ মার্চ
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৩:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির আবেদনে ভুল পছন্দক্রম দেওয়া প্রার্থীদের জন্য পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তিতে অনলাইন আবেদনের শেষ দিন আগামী ১ মার্চ বেলা ৩টার পর্যন্ত এই সুযোগ নেওয়া যাবে। প্রার্থী ও অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন দাখিলের নির্ধারিত শেষ তারিখ ১ মার্চ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে কিছু প্রার্থী ও অভিভাবকের আবেদন এবং ভর্তি পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় আগামী ১ মার্চ সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনলাইন আবেদনের কলেজ বা ইউনিটের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ প্রদান করা হল।
এতে বলা হয়, কলেজ পছন্দক্রম পরিবর্তনের জন্য অনলাইন আবেদনের হোম পেইজে ঈযড়রপব জবড়ৎফবৎ অপশন রয়েছে, যেখানে ক্লিক করে প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। প্রার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড গোপনীয় ও ব্যক্তিগত বিষয়, যা অন্য কারো নিকট প্রকাশ করা কোনক্রমেই উচিৎ নয় বলেও জানানো হয়।






