বিজিবির সিপাহি হত্যা, একজন কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৮:২৫:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে বিজিবির সিপাহি হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আনু মিয়া গোয়াইনঘাটের নয়াগ্রামের লিয়াকত আলীর ছেলে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।
এরআগে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে গোয়াইনঘাট থানাধীন লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, বিজিবির সিপাহি মো. মাসুম বিল্লাহ পাংথুমাই বিওপিতে কর্মরত ছিলেন। ২০২৫ সালে ৯ আগস্ট ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধীন সোনারহাট বিওপির সীমান্ত পিলার ১২৬৭ এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আহারকান্দি, আমবাড়ী নামক স্থানে ইছামতি নদীতে চোরাচালান অভিযানকারী দলের সঙ্গে টহলে নিয়োজিত ছিলেন। আভিযানিক দলটি বিকেলে একটি চোরাচালানী মালবাহী নৌকাকে দেখে থামানোর চেষ্টা করলে মালবাহী নৌকাতে থাকা ইউনুছ আলীর নির্দেশে নৌকার চালক বিজিবির নৌকাকে সজোরে ধাক্কা দিলে নৌকাতে থাকা বিজিবি সদস্যরা নদীর পানিতে পড়ে যান।
পরবর্তীতে বিজিবির অন্যান্য সদস্যরা নদীর তীরে আসতে পারলেও মাসুম বিল্লাহ অস্ত্রগুলিসহ নদীর পানিতে তলিয়ে যান। পরে বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রায় ২৪ ঘন্টা নদীতে তল্লাশি চালিয়ে নদী থেকে মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় বিজিবির নায়েক শিমিয়ন সুমন নকরেক বাদী হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।





