সিলেটে বৃষ্টি বাড়ার আভাস, আপাতত বন্যার ঝুঁকি কম
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৮:৩৩:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে আগামী কয়েক দিনে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে পারে এমন পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে বর্তমানে নদ-নদীর পানি বিপদসীমার নিচে থাকায় আপাতত বন্যার তেমন ঝুঁকি নেই বলে জানিয়েছে সংস্থাটি।
আজ শনিবার গণমাধ্যমে পাঠনো সিলেট আবহাওয়া দপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর্দ্রতার হার সকালে ৬৮ শতাংশ এবং সন্ধ্যায় ৮২ শতাংশে পৌঁছেছে, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় সুরমা-কুশিয়ারা, ভুগাই-কংস ও ধনু-বাউলাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে এবং সব নদীই প্রাক-বর্ষা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পাওে প্রথম দিনে হালকা থেকে মাঝারি, দ্বিতীয় দিনে মাঝারি থেকে ভারী এবং তৃতীয় দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তৃতীয় দিনে নদীর পানি আবার বাড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, আপাতত বন্যার ঝুঁকি কম থাকলেও উজানে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। তাই হাওর অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





