কুরিয়ারে অভিযান, ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৮:২৭:০৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ফুচকা ও সিগারেট জব্দ করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মৌলভীবাজার সড়কের এস এ পরিবহনের অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে ২০ বস্তা (১০০০ কেজি) ভারতীয় ফুচকা এবং ৪৮ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে ৩০ হাজার পেট্রোল ও ১৮ হাজার ৮০০ মুন ব্র্যান্ডের সিগারেট রয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘চোরাই পথে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সংশ্লিষ্টদের শনাক্তে আমরা কাজ করছি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’




