প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলে নগর ভবনে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:৩৪:৫২ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল| খাল খননের ফলে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটে, কৃষিজমিতে পানির সহজলভ্যতা বাড়ে এবং খাদ্যশস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়| এর ধারাবাহিকতায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং পরবর্তীতে খাদ্য রপ্তানির সক্ষমতাও তৈরি হয়|
আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর ও সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার সন্ধ্যায় নগরভবন সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| সভায় কান্দিগাঁওসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন|
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খাল-নদী খনন শুধু কৃষি উন্নয়নের জন্য নয়; এটি জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| বর্তমান প্রেক্ষাপটে পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে এই ধরনের কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে|
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সহ-সভাপতি শহীদ আহমদ ও আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক বাদশাহ আহমদ, মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন, বিএনপি নেতা ফয়জুল আহমদ, আব্দুল আজিজ আলীম, আব্দুজ জহির, আযম আলী ও আব্দুস সালাম প্রমুখ|





