কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল রণক্ষেত্র : শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:৫০:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে| সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর শুরু হয়ে বিকেল পর্যন্ত থেমে থেমে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর চলে| কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের জকিগঞ্জ-জাফলং রুট এবং মিতালি পরিবহণ, হবিগঞ্জ এক্সপ্রেস, জগন্নাথপুর রুটের শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে| এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে| এরমধ্যে ৪ জনের অবস্থা গুরুতর| তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন|
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়| পরে বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি ¯^াভাবিক করেন|
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটের এক শ্রমিক নেতার মৃত্যুর পর গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধ থেকেই এ উত্তেজনার সূত্রপাত| অভিযোগ রয়েছে, ওই কমিটিতে স্থান না পাওয়া একটি পক্ষ কার্যালয় দখলের চেষ্টা করলে বিরোধ চরমে ওঠে| একপর্যায়ে জকিগঞ্জ রুটের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়| পরে অন্যান্য রুটের শ্রমিকরাও এতে জড়িয়ে পড়েন|
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই ঘটনাটি শুরু হলেও তা দ্রুত বড় আকার নেয়| বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে|
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম বলেন, আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে| বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে|





