সিলেটে ৫ মাসে সড়কে নিহত ১৪৯
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৯:১৩:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : চলতি বছরের ৫ মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। চলতি বছরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে গত মে মাসে। এই মাসে ৪২ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১ জন। এই সময়ে আহত হয়েছেন ৬৫ জন। মে মাসে নিহত ৫১ জনের মধ্যে ২০ জনই মোটরসাইকেল আরোহী ও চালক। এপ্রিলের তুলনায় মে মাসে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে।
শনিবার (৬ জুন) নিরাপদ সড়ক চাই-নিসচা সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, মে মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত, হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত এবং মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিসচার তথ্য অনুযায়ী, ঈদযাত্রাকালীন সময়ে ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।
নিসচার গত ৫ মাসের প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত ৫ মাসে সিলেট বিভাগে ১৪১ সড়ক দুর্ঘটনায় ১৪৯ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছেন।
এরমধ্যে গত মে মাসে ৪২ সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হন। এর আগের মাস এপ্রিলে বিভাগে ১৯ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হন। এর আগে মার্চ মাসে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও আহত হয়েছিলেন ৪৪ জন। ফেব্রুয়ারি মাসে ৩২ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হন। এর আগে জানুয়ারী মাসে ২৫ সড়ক দুর্ঘটনায় ২৫ নিহত ও ৩৫ জন আহত হন।
জানা গেছে, এপ্রিল মাসে বিভাগের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। জেলায় ৯টি দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত, মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হন।
মার্চে বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এরমধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।
ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়ও কম সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।
জানুয়ারি মাসে সিলেট জেলায় ১৪ টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২৭ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন আহত, মৌলভীবাজার জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত ও হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮১ জন আহত হন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকদের মধ্যে প্রতিযোগিতামূলক ও বেপরোয়া গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।
তিনি জানান, গত মে মাসে নিহতদের মধ্যে ১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটম চালক-আরোহী, ১৮টি দুর্ঘটনায় ১৮ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ৯টি দুর্ঘটনায় ৯ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার ঘটনায় ৭টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১০ জন এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩টি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মোট নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী এবং ৬ জন শিশু রয়েছেন।





