পুশইন ঠেকাতে বিজিবি-এলাকাবাসী একাট্টা : গোয়াইনঘাট সীমান্তে মাইকিং
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ১২:১৬:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র পুশইন ঠেকাতে এলাকাবাসী ও বিজিবি একাট্টা হয়েছে। এর সুফলও মিলছে, ঠেকানো হচ্ছে পুশইন। এবার পুশইন ঠেকাতে গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একদিন আগে সিলেটের উৎমা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশে লোকজন ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করা হলেও এলাকাবাসী ও বিজিবির সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা প্রতিহত হয়েছে।
শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট সীমান্ত এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে বিজিবি তথ্য পেয়েছে যে ভারত থেকে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এ পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন, সে বিষয়েও অনুরোধ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, একদিন আগে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে যাচাই-বাছাই শেষে তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ওই দুই ব্যক্তিকে ভারতে ফেরত পাঠানো হয়।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে। অবৈধ পুশ-ইন ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।





