পুলিশের জালে চিহ্নিত ছিনতাইকারী সুমন
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৯:২১:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সুরমা পয়েন্ট এলাকা থেকে চিহ্নিত ছিনতাইকারী সুমন আহমদকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন নেত্রকোনার মদন থানার ত্রিপন (জয়বাংলা বাজার) এলাকার হেলাল মিয়ার ছেলে। বর্তমানে সে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার একটি কলোনিতে বসবাস করতো।
পুলিশ জানায়, সুমন একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় সে সন্দেহভাজন আসামি।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজরুল আলম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





