পুলিশের অভিযানে আটক আরো ৮৮
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৯:২৩:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অপরাধ কর্মকান্ড দমনে নগরজুড়ে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৮২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন ৪১ জন। এইসময়ে ট্রাফিক পুলিশ ৭০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশের আওতায় ৪১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২১ পিস ইয়াবা ও ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৩৭টি যানবাহন আটক করা হয়।
এছাড়া শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ৪১ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে নিয়মিত মামলার ও সন্দেহভাজন আসামী, ওয়ারেন্টভুক্ত এবং মাদকসেবী-মাদক কারবারি রয়েছেন।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।





