জুড়ীতে কাজ চলমান অবস্থায় ভেঙ্গে পড়ল রাস্তা ও গার্ডওয়াল
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৭:১২:৩২ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে প্রায় কোটি টাকার একটি রাস্তার এইচবিবিকরণ (ডাবল ইটসলিং) ও গার্ডওয়াল নির্মাণ প্রকল্পের কাজ শেষ না হতেই রাস্তাটির বিভিন্ন স্থানে ধসে গেছে রাস্তা ও ভেঙ্গে পড়েছে গার্ডওয়াল | এলাকাবাসির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজে নানা অনিয়মের কারণে রাস্তা ও গার্ডওয়াল ভেঙ্গে পড়েছে| দ্রুত মেরামত করা না হলে রাস্তাটি জনসাধারণের উপকারের চেয়ে ভোগান্তির কারণ হতে পারে|
জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ শীর্ষক (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে ৮৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার নিকট হতে শাহাপুর আব্দুল মতিনের বাড়ির নিকট পুরাতন এইচবিবি রাস্তা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা এইচবিবি করণ প্রকল্পের কাজের দায়িত্ব পায় স্কাইলাইন এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান| ৪ এপ্রিল প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু| এরপরই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে| কিন্তু নির্মাণ কাজ চলমান অবস্থায় রাস্তাটির বিভিন্ন স্থানের ইটসলিং এলোমোলো হয়ে যায় এবং গার্ডওয়াল ভেঙ্গে পড়ে| এতে এলাকাবাসির মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়|
সরেজমিনে গেলে ভুক্তভোগি এলাকাবাসি জানান, নির্মাণ কাজে ঠিকাদারের অনিয়মের কারণে রাস্তাটির কাজ শেষ না হতেই বিভিন্ন জায়গায় গার্ডওয়াল ভেঙ্গে পড়েছে, উঠে ও দেবে গেছে ইটসলিং| তারা অভিযোগ করেন, রাস্তার এইচবিবিকরণে বালুর পরিমাণ কম ও যথাযথভাবে ড্রেসিং না করায় এবং সিডিউল মোতাবেক গার্ডওয়ালের নির্মাণ কাজ না করায় বিভিন্ন জায়গা ভেঙ্গে পড়েছে, ফাটল দেখা দিয়েছে ও দেবে গেছে|
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়ে তিনি রাস্তাটি পরিদর্শন করেছেন| কাজ চলমান রয়েছে এবং ভেঙ্গে পড়া জায়গা মেরামত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন|
ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি প্রকৌশলী অভিজিৎ দে জানান, রাস্তাটির কয়েক স্থানে ডোবার মধ্যে সিসি ঢালাই দিয়ে গার্ডওয়াল নির্মাণ করেছেন| রাস্তার পার্শবর্তী বাসিন্দারা বাড়ির বৃষ্টির পানি নিষ্কাষিত হওয়ার কোনো ব্যবস্থা রাখেননি| রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নিচের মাটি সরে যাওয়ায় গার্ডওয়াল ও রাস্তার বেশ ক্ষতি হয়েছে| তিনি ভাঙ্গা অংশ মেরামত করে দিবেন|





