সিলেটগামী পাহাড়িকার সাথে ট্রাকের সংঘর্ষ : ২ ঘণ্টা বন্ধ চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৭:১৯:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা-চট্টগ্রাম রেলপথের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্টদের চেষ্টায় ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। সকাল ৮টা ৫০ মিনিটে মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকার মামা ফকির আস্তানা-সংলগ্ন স্থানে পৌঁছলে রেললাইনের ওপর থাকা একটি বালুবাহী ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রেনের বড় ধরনের ক্ষতি না হলেও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
এ বিষয়ে রেলওয়ের নিকটবর্তী চিনকি আস্তানা স্টেশনমাস্টার সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে সকাল ৯টা ৫০ মিনিট থেকে রেললাইন আবার সচল করা হয়েছে । বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।





