কবি লায়লা রাগিবের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৬, ১২:৩৯:২৭ অপরাহ্ন
‘ঠোঁটের ভাষায় কবিতা লিখুন’ আন্দোলনের স্বপ্নদ্রষ্টা, সিলেট লেখিকা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কবিতা পত্রিকা ও কবি সংলাপ-এর সম্পাদিকা কবি লায়লা রাগিবের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
১৯৮৬ সালের ৯ জুলাই সত্তর দশকের এই আধুনিক কবি মাত্র ৩০ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কবি লায়লা রাগিব স্মৃতি সংসদের এক সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।
আজ বৃহস্পতিবার বাদ আসর নগরের কাজিরবাজারে পারিবারিক উদ্যোগে কবির কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হবে।
এদিকে, কবি লায়লা রাগিব স্মৃতি সংসদের উদ্যোগে আগামী ১১ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সাহিত্য আসর মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। মুখ্য আলোচক থাকবেন অধ্যাপক নন্দলাল শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, সাহিত্যিক জামান মাহবুব, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল এবং সিলেট লেখিকা সংঘের সভাপতি কবি রওশন আরা চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করবেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।
স্মরণসভায় সিলেটের কবি-সাহিত্যিকসহ সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কবি লায়লা রাগিব স্মৃতি সংসদের সভাপতি বেলাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাউসার চৌধুরী। বিজ্ঞপ্তি





