‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ আজ
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৭:১৮:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হবে। প্রতিবছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এ দিবস পালিত হয়।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ।
বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
দিবসটি উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।’
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরী। তিনি বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত।
এর কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করতে হবে।




