টানা বর্ষণে বিপর্যস্ত কমলগঞ্জের জনজীবন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৬, ৬:৪৩:১০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: টানা বর্ষণে মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিতে নিম্নআয়ের মানুষের কর্মসংস্থান ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন এলাকার সবজিক্ষেত। একই সঙ্গে ধলাই, লাঘাটা ও ক্ষিরণী নদীর পানিও বাড়তে শুরু করেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবারও দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল।
টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী, ছড়া, খাল-বিলের পানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন হাটবাজার, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উপচে পানি চলাচল করায় পথচারী ও শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।
উপজেলার আদমপুর, আলীনগর, মাধবপুর, শমশেরনগর, মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের কৃষকরা জানান, দীর্ঘদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে সবজি গাছের গোড়া পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
অন্যদিকে, টানা বর্ষণে দৈনন্দিন জীবিকাও ব্যাহত হয়েছে। সংবাদপত্র বিক্রেতা মো. কায়কোবাদ জানান, বৃষ্টির কারণে বুধবার কোনো পত্রিকা বিতরণ বা বিক্রি করা সম্ভব হয়নি। রিকশাচালক আব্দুল খালিক ও সুলতান মিয়া বলেন, বৃষ্টির কারণে যাত্রী না থাকায় সারাদিন অলস বসে থাকতে হয়েছে। আয়-রোজগার না হওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে উপজেলার সবজিক্ষেতের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।





