মৌসুমি বায়ু আরো সক্রিয়, ভারি বৃষ্টির সতর্কবার্তা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ৯:২৭:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশজুড়ে চলা বৃষ্টি কমছেই না। সোমবারও সকাল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠেছে। এতে আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ বৃষ্টি হতে পারে সিলেটসহ ছয় বিভাগে।
সোমবার দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ পূর্বাভাস দেওয়া হয়েছে ছয় বিভাগের জন্য। সেগুলো হলো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এ সময় ঢাকা মহানগরে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্র্বূাভাস দেওয়ার কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে বেশি। এর কারণেই বৃষ্টির নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আগামীকাল বৃষ্টির তীব্রতা কমে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা আবার বাড়তে পারে। মৌসুমি বায়ু সে সময় আবার সক্রিয় হয়ে উঠতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ১০৭ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ১৩ মিলিমিটার। এছাড়া সিলেটে ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এ সময়।






