কোম্পানীগঞ্জে শিক্ষক অনিল শর্ম্মার বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬, ৯:২৭:০০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মার অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তিনি শুধু একজন শিক্ষক নন, এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক আলোকবর্তিকা। তাঁর নিষ্ঠা, সততা ও শিক্ষার্থীদের প্রতি পিতৃসুলভ স্নেহ বিদ্যালয়কে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
সহকারী শিক্ষক তানিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। তিনি বলেন, সরকারি চাকরির নিয়মে কর্মজীবনের সমাপ্তি হলেও একজন শিক্ষক কখনোই প্রকৃত অর্থে অবসরে যান না। অনিল চন্দ্র শর্ম্মা তাঁর মেধা, শ্রম ও সততার মাধ্যমে বিদ্যালয়কে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা সকলের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক সকিনা বেগম। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী রায় এবং গীতা পাঠ করেন সহকারী শিক্ষক কল্পনা রানী শর্ম্মা।
সাবেক বিদ্যালয় সভাপতি ও বিদায় সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবুল খায়ের এবং উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আজমল আলী।
এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমির উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী লবীব আহমদ ও সুজেল আহমদ, ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের শিক্ষক আলী আফজল এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নূরী।
বিদায়ী বক্তব্যে অনিল চন্দ্র শর্ম্মা বলেন, শিক্ষকতা তাঁর কাছে শুধু পেশা নয়, জীবনের ব্রত। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের যে ভালোবাসা পেয়েছেন, সেটিই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।





